ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের মাদারগঞ্জে এনসিপি নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
শুক্রবার সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্ল্যাকার্ড, জাতীয় পতাকা ও হাতে লাঠি নিয়ে ছাত্র-জনতা অবস্থান নেয়।
অবস্থান কর্মসূচিতে ‘দালালি না রাজপথ—রাজপথ, রাজপথ’, ‘আপোস না সংগ্রাম—সংগ্রাম, সংগ্রাম’, ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এনসিপির ছাত্র সংগঠনের নেতা রকি রায়হান বলেন, “প্রিয় দেশবাসী, আপনারা ইতোমধ্যে জেনেছেন—আমাদের ভাই শরিফ ওসমান হাদীকে গত শুক্রবার আওয়ামী সন্ত্রাসী ক্যাডাররা প্রকাশ্যে গুলি করে গুরুতর আহত করে। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি গতকাল (বৃহস্পতিবার) ইহকাল ত্যাগ করেছেন। আজকের এই অবস্থান কর্মসূচি থেকে স্পষ্ট করে বলতে চাই—হাদী ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলার জনগণ ঘরে ফিরবে না। এই ছাত্র-জনতা রাজপথ চিনেছে, রক্ত দিতে শিখেছে। এক হাদীর রক্ত থেকে লক্ষ হাদী জন্ম নেবে—ইনশাআল্লাহ।”
কর্মসূচিতে এনসিপি ও সহযোগী সংগঠনের নেতা মাহবুব রহমান, রকি রায়হান, আরিফ, মোখলেছ, আরহামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।