ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামে দীপুর বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
এ সময় দীপুর বাবা রবি চন্দ্র দাস অসহায়ত্বের কথা তুলে ধরে ছেলের হত্যাকারীদের বিচার দাবি করেন। উপদেষ্টা জানান, দীপুর স্ত্রী, সন্তান এবং বাবা-মায়ের দেখভালের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। পরিবারের চাহিদা নিরূপণ করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, এই হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ, যার কোনো অজুহাত নেই। বিশ্বাস বা মতের পার্থক্য কখনো সহিংসতার কারণ হতে পারে না। বাংলাদেশ আইনশাসিত রাষ্ট্র হিসেবে সব নাগরিকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় অঙ্গীকারবদ্ধ।
উপদেষ্টা আরও উল্লেখ করেন, কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উসকে দেওয়ার চেষ্টা করছে। এসব অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। ইতোমধ্যে ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলমান। দায়ীদের আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা দীপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা করে এবং মরদেহ বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন।