নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ইউনিয়নের বাট্টা কাচারি মোড় এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়।
ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা গেছে, বাট্টা গ্রামের একটি সরকারি জমির দখল নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে এক পক্ষ ওই জমি দখলে নিতে গেলে অপর পক্ষ বাধা প্রদান করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাট্টা কাচারি মোড়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রণক্ষেত্রে রূপ নেয় পুরো এলাকা।
বর্তমান পরিস্থিতি ও উদ্ধার অভিযান: সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনা বাহিনী ও পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, তবে জনমনে এখনো আতঙ্ক বিরাজ করছে। কাচারি মোড়ের দোকানপাট আংশিক বন্ধ রয়েছে।
প্রশাসনের বক্তব্য:
এলাকাবাসী ও সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সরকারি জমি রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।