৮ জানুয়ারি, ২০২৬ নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত টানা ৬ দিন জেলাজুড়ে সব ধরনের বিদ্যুৎ বিল আদায় এবং অনলাইন সংক্রান্ত সকল সেবা কার্যক্রম বন্ধ থাকবে।
মূলত উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করতে বিদ্যমান বিলিং সফটওয়্যার থেকে আধুনিক ‘ইন্টিগ্রেটেড সেন্ট্রাল বিলিং সিস্টেম’ (ICBS)-এ রূপান্তরের কাজ পরিচালনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের তথ্যমতে, আগামী ১৩/০১/২০২৬ (মঙ্গলবার) বিকেল ৪টা থেকে ১৯/০১/২০২৬ (সোমবার) সকাল ৯টা পর্যন্ত সমিতির সকল ব্যাংক, এজেন্ট ব্যাংক এবং অফিসের ক্যাশ শাখার মাধ্যমে বিদ্যুৎ বিল আদায় বন্ধ থাকবে। একই সময়ে অনলাইন বা অফলাইনে গ্রাহকদের সকল আবেদন কার্যক্রমও স্থগিত থাকবে।
এছাড়া বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবাগুলো ১৩ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১৯ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে।
১৯ জানুয়ারি সোমবার সকাল ৯টার পর থেকে আবারও সব মাধ্যমে বিল পরিশোধ ও অন্যান্য সেবা স্বাভাবিক হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সাময়িক বন্ধের কারণে যেসব গ্রাহকের বিল পরিশোধের সময়সীমা পার হয়ে যাবে, তারা কোনো প্রকার জরিমানা বা বিলম্ব মাশুল ছাড়াই আগামী ২০/০১/২০২৬ তারিখ পর্যন্ত বিল জমা দিতে পারবেন।
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ সিস্টেম উন্নয়নের এই সময়ে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।