ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় নেত্রকোনা ও ময়মনসিংহ সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আততায়ী যেন সীমান্ত দিয়ে দেশত্যাগ করতে না পারে, সেজন্য শুক্রবার দিনগত রাত থেকেই সীমান্তজুড়ে নিশ্ছিদ্র টহল ও তল্লাশি কার্যক্রম শুরু করা হয়েছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলার দুর্গাপুর ও কলমাকান্দা এবং ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার করা হয়েছে।
নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম) শনিবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পারাপার রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শুক্রবার দিনগত রাত ১২টা থেকে সীমান্তের সকল প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় বাসিন্দা, পেশাজীবী ও যানবাহন চালকদের সম্পৃক্ত করে তথ্য সংগ্রহ কার্যক্রমও জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান বিন হাদি। ঘটনার পর থেকে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ ঘটনার পরপরই আততায়ীকে গ্রেপ্তার ও দেশত্যাগ ঠেকাতে সীমান্তে সতর্কতা জোরদার করে বিজিবি।