জামালপুর-৩ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রদানের দাবিতে মাদারগঞ্জে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফায়েজুল ইসলাম লাঞ্জুর নেতৃত্বে আয়োজিত এ সমাবেশে হাজারো নেতা-কর্মী ও সমর্থকের ঢল নামে। সমাবেশকে ঘিরে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ উদ্দিন সবুজ। প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির দীর্ঘদিনের সংগঠক, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দুইবারের সাধারণ সম্পাদক ফায়েজুল ইসলাম লাঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার হাবলুল গাজী বেলাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সিজার, গুনারীতলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গণি মেম্বার, উপজেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ইসলাম জনি।
এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সমাবেশটি সঞ্চালনা করেন মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল।
সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার বিভিন্ন ইউনিট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।