৪৯তম (বিশেষ) বিসিএসের এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় একযোগে ঢাকার ১৮৪টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়। যা চলবে দুপুর ১২টা পর্যন্ত।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রকাশিত সূচি অনুযায়ী, বিশেষ এই বিসিএস পরীক্ষাটি শুধুমাত্র ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। সরকারি কলেজে প্রভাষক নিয়োগের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ বিসিএসে ৩ লাখ ১২ হাজারেরও বেশি প্রার্থী আবেদন করেছেন। মোট ৬৮৩টি শূন্য পদের বিপরীতে প্রতি পদে লড়ছেন প্রায় ৪৫৬ জন।
দীর্ঘদিন ধরে শিক্ষা ক্যাডারে শিক্ষক সংকট থাকায় গত ২১ জুলাই পিএসসি এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরদিন ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয় এবং আবেদনকারীরা ২৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি পরিশোধ করেন।
পিএসসির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবারের এই পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ২৬ অক্টোবর থেকে নেয়া শুরু হতে পারে।