শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চের ঘোষিত চার দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) রাজধানীর শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ পথযাত্রা শুরু হয়েছে। সংগঠনটির নেতা-কর্মীরা এতে অংশ নিয়েছেন।
বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগের হাদি চত্বর থেকে এই যাত্রা শুরু হয়। পথযাত্রাটি শাহবাগ থেকে সায়েন্সল্যাব, সিটি কলেজ, মোহাম্মদপুর, তিন রাস্তার মোড়, রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর-১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় পুনরায় শাহবাগের হাদি চত্বরে এসে শেষ হবে।
পথযাত্রায় অংশ নেওয়া কর্মী শরিফুল ইসলাম বলেন, ‘হাদির বিচারের জন্য এসেছি। হাদির বিচার কেন হবে না, আমরা তা জানতে চাই। এই সরকার কেন বিচার করবে না?’ যাত্রায় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখযোগ্য স্লোগানগুলো হলো: ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘রক্ত বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘লাল-সবুজের পতাকা, ইনকিলাবের পতাকা, হাদি তোমায় দেখা যায়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।
পথযাত্রায় প্রায় ১০টি পিকআপে করে নেতা-কর্মীরা অংশ নেন।
ইনকিলাব মঞ্চের চার দফা দাবি
১. খুনি, খুনের পরিকল্পনাকারী, সহায়তাকারী, পলায়নকারী ও আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।
২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।
৩. ভারত যদি আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকার করে, তাহলে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।
৪. সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে হবে।
প্রসঙ্গত, ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি গত ৩ জানুয়ারি থেকে দেশব্যাপী চলছে। এর মাধ্যমে ইনকিলাব মঞ্চ সরকার, রাজনৈতিক দল ও জনগণের কাছে বিচারের দাবি তুলে ধরছে।