1. info@dailyshadhinbarta.com.bd : sbarta : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

২০২৫ সালের তুলনায় দেশে অপরাধ কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশিতঃ সোমবার, ৮ জুন, ২০২৬

২০২৫ সালের তুলনায় বর্তমানে দেশে অপরাধের সংখ্যা অনেক কমেছে এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমান সরকার ‘দুষ্টের দমন ও শিষ্টের পালনে’ বিশ্বাসী। ভালো কাজের জন্য যেমন স্বীকৃতি দেওয়া হবে, ঠিক তেমনি কোনো অপকর্মের জন্য তিরস্কার ও শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার (৮ জুন) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়ে মন্ত্রী বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমর্যাদা কেমন, তা জনগণই বিবেচনা করবে। তবে তাদের নৈতিকভাবে উৎসাহিত করা প্রয়োজন, যাতে তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করতে পারে।”

এ সময় ভালো কাজের স্বীকৃতি হিসেবে সরকারের পক্ষ থেকে ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখযোগ্য কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন— চাঞ্চল্যকর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত ডিএনএ টেস্ট ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট প্রদান, দৌলতদিয়া ঘাটে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যার ক্লুলেস মামলার দ্রুততম সময়ে রহস্য উদঘাটনসহ আসামিদের গ্রেফতারে অনন্য ভূমিকা রাখায় এই পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, ভালো কাজের এই ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে পুলিশ সদস্যদের মনোবল ও কাজের প্রতি উৎসাহ আরও অনেক বাড়বে।

এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সাম্প্রতিক একটি প্রতিবেদনের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “দেশের আইনশৃঙ্খলা উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে বলে টিআইবি যে প্রতিবেদন দিয়েছে, সেটি মূলত পত্রিকানির্ভর। বাস্তব চিত্র হলো, গত বছরের চেয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এখন অনেক উন্নতি হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon