জাতিসংঘ বাংলাদেশের জনগণকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় অভিনন্দন জানিয়েছে এবং শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ গড়ার প্রচেষ্টায় পূর্ণ সমর্থন ও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক এ কথা জানান। তিনি বলেন সংসদ নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই এবং শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ।
মহাসচিবকে উদ্ধৃত করে মুখপাত্র বলেন জাতিসংঘ গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংহতি জোরদার এবং মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা চায়। তিনি আরও জানান মহাসচিব সবসময় রাজনৈতিক অংশীদারদের জাতীয় সংহতি বজায় রাখার ওপর জোর দেন এবং গণতান্ত্রিক রীতিনীতি ও আইনের শাসন সমুন্নত রাখা মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কারের প্রত্যাশা করেন।
এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব বার্তা দিয়ে বলেন ফিলিস্তিন আফগানিস্তান ইয়েমেন সুদানসহ বিশ্বের বিভিন্ন দেশে মানুষ সংঘাত ক্ষুধা বাস্তুচ্যুতি ও বৈষম্যের শিকার হচ্ছে। কঠিন ও বিভক্তির এ সময়ে রমজানের তাৎপর্য মনে করিয়ে দিয়ে তিনি সবাইকে প্রত্যেক মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার আহ্বান জানান।